কোম্পানীগঞ্জ প্রতিনিধি | ১৫ আগস্ট, ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদাপাথরে সাঁতার কাটতে নেমে মাইনুল ইসলাম রিফাত(২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টায় এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাতিকুল ইসলাম পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
নিহতের সাথে থাকা বন্ধু সাব্বির রহমান জানান ৪ বন্ধু মিলে ব্রাহ্মণ বাড়িয়া থেকে সাদাপাথর ঘুরতে আসেন। সকাল ১১টায় সাদাপাথর পর্যটন কেন্দ্রে গিয়ে গোসল করতে নামেন সকলে। এর কিছুক্ষণ পর রিফাতের মরদেহ নদীর পাশে পাওয়া যায়। তারা সকলেই নবিনগর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।
কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, সাদাপাথর ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।