Sylhet Today 24 PRINT

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০২৬

ব্যাটারিচালিত অটোরিকশাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসা হচ্ছে। এসব রিকশার ব্যাটারি শুধু সৌরবিদ্যুতেই মাধ্যমেই চার্জ করতে হবে। এর বাইরে অন্য কোনো উপায়ে ব্যাটারি চার্জ দিলে রিকশার নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধন নবায়নও করা হবে না।

সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সরকার যখন সৌরবিদ্যুতের ওপর জোর দিচ্ছে, তখন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে পরিস্থিতি আরও জটিল করে তুলছে কি না এবং এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপ কী—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে আইন পাস হয়েছে। আমরা বিধিমালা তৈরির জন্য একটি মিটিং করেছি এবং বিধিমালা তৈরি করছি।’

তিনি বলেন, ‘ব্যাটারিচালিত ই-রিকশাগুলো আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার নিবন্ধনের আওতায় নিয়ে আসছি। সেখানে কিছু শর্ত দেওয়া হবে। তারা যে ব্যাটারি রিচার্জ করবে, এটি অবশ্যই সৌরবিদ্যুতে হতে হবে। সৌরবিদ্যুতের বাইরে রিচার্জ করলে নিবন্ধন দেওয়া এবং নিবন্ধন নবায়ন করা হবে না।’

বিধিমালায় নিবন্ধন ফি, নিবন্ধন নবায়ন ফি এবং জরিমানার বিধানও অন্তর্ভুক্ত থাকবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.