Sylhet Today 24 PRINT

স্বামীকে পান আনতে পাঠিয়ে বিষপান, চা-শ্রমিক নারীর মৃত্যু

বড়লেখা প্রতিনিধি |  ১৭ আগস্ট, ২০২৬

প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সমনভাগ চা-বাগানে বিষপানে দীপ্তি বাক্তি (৪৫) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সমনভাগ চা-বাগানের পাক্কা লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

দীপ্তি বাক্তি সমনভাগ চা-বাগানের বাসিন্দা ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের মা।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে খাবার শেষে পরিবারের সদস্যরা ঘরে ছিলেন। এ সময় দীপ্তি তাঁর স্বামী কাজল বাক্তিকে দোকান থেকে পান আনতে বলেন। স্বামী পান নিয়ে বাড়িতে ফিরে তাঁকে বিষপান করা অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বড়লেখা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, বিষপানে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, দীপ্তি কী কারণে বিষপান করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.