Sylhet Today 24 PRINT

সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক

কানাইঘাট প্রতিনিধি |  ১৭ আগস্ট, ২০২৬

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরেরমাটি এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে পাচারকারী চক্রের চার সদস্যও রয়েছে।

আটক দালালরা হলেন- কানাইঘাটের এরালীগুল গ্রামের আছাদ আহমদ ও বড়খেরড় গ্রামের সাদ্দাম হোসেন। তাদের সাথে আটক করা হয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিএনজি অটোরিকশাচালক রফিক আহমদ এবং নেত্রকোনার এলাছ উদ্দিনকে।

অন্যদিকে আটক ৮ রোহিঙ্গা হলেন- এনায়েত হোসেন, আব্দুল মুবিন, জুবের আহমদ, আজিদা বেগম, জামিলা বেগম, ফাতেমা বিবি, নুর ফাতেমা ও আজিদা। তারা সবাই কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে দুটি সিএনজি অটোরিকশাযোগে রোহিঙ্গাদের কানাইঘাটে নিয়ে আসা হয়। পরিকল্পনা ছিল দনা সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করার। এজন্য সুরমা নদীর কুওরেরমাটি বটরবাজার এলাকায় একটি নৌকাও প্রস্তুত রাখা হয়েছিল। তবে যাতায়াতে দেরি হওয়ায় নৌকার মাঝির সাথে দালালদের ঘনঘন ফোনালাপ স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি করে। এলাকাবাসী কুওরেরমাটি মাদ্রাসার সামনে অটোরিকশা দুটি আটকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে পাচারের তথ্য। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আছাদ ও সাদ্দাম দীর্ঘ দিন ধরে ওই সীমান্তে মানবপাচার চক্র চালিয়ে আসছে। অর্থের বিনিময়ে তারা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বের করে অবৈধ পথে সীমান্ত পার করে দেয়। এই চক্রের সাথে আরও কয়েকজন প্রভাবশালী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আটক রোহিঙ্গারা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.