Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ঘোড়ার গাড়িতে করে শিক্ষককে ‘রাজকীয়’ বিদায়

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৮ আগস্ট, ২০২৬

চার দশকের কর্মজীবনের স্মৃতি সঙ্গে নিয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে গেছেন শিক্ষক বেলা রানী দেব।

সোমবার দুপুরে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকাকে বিদায় জানালেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও প্রাক্তন শিক্ষার্থীরা।

১৯৮৭ সালে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন বেলা রানী দেব। এরপর কেটে গেছে প্রায় চার দশক। প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীদের হাতেখড়ির সাক্ষী হয়েছেন তিনি। পাঠদানের পাশাপাশি গড়ে তুলেছেন শিক্ষার্থীদের সঙ্গে এক আত্মিক সম্পর্ক।

বেলা রানীর সহকর্মীরা বলেন, তিনি আমাদের কাছে ছিলেন নির্ভরতার এক নাম। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, আন্তরিকতা আর দায়িত্ববোধের সঙ্গে শিক্ষকতা করেছেন তিনি। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ, মাঠ আর করিডোরে যেন মিশে আছে তাঁর পদচারণার স্মৃতি।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা বলেন, একজন শিক্ষক অবসরে যান, কিন্তু তাঁর শেখানো পাঠ, ভালোবাসা আর স্মৃতি থেকে যায় শিক্ষার্থীদের হৃদয়ে। বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেলা রানী দেবের বিদায়ও যেন তেমনই শেষ নয়, বরং চার দশকের ভালোবাসাকে সঙ্গে নিয়ে নতুন এক যাত্রার শুরু। প্রিয় শিক্ষকের বিদায়বেলা যে ভালোবাসার দেখা মিলেছে তা কখনো ভোলার নয়।

বিদায়ের আগে প্রিয় বিদ্যালয়কে ঘিরে স্মৃতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বেলা রানী দেব। বিদায় বেলায় তিনি বলেন, আমি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যে ভালোবাসা পেয়েছি, তা কখনো ভুলব না। দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেছি চেষ্টা করেছি বাচ্চাদেরকে সর্বোচ্চটা দেওয়ার। আমার বিদায় বেলায় এমন আয়োজন হবে এতো ভালোবাসা পাব তা কখনো চিন্তা করিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.