গোয়াইনঘাট প্রতিনিধি | ১৮ আগস্ট, ২০২৬
সিলেটের গোয়াইনঘাট একটি মেছোবিড়াল পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। হত্যার ভিডিও ধারণ করেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, গ্রামের একটি বিদ্যালয়ের পাশে এক স্কুলছাত্রী মেছোবিড়ালটি দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন লাঠিসোটা নিয়ে সেখানে ছুটে এলে প্রাণীটি পাশের একটি কবরস্থানে আশ্রয় নেয়। এরপর কয়েকজন সেটিকে খুঁজে বের করে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, মেছোবিড়ালটিকে হত্যার সময় ঘটনাটি ভিডিও করা হয়। লাঠি গ্রামের এক যুবক ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
মেছোবিড়াল পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা শাহ আলম বলেন, মেছোবিড়াল হত্যা অত্যন্ত দুঃখজনক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এটি ইঁদুর ও ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে সেটিকে হত্যা না করে তাৎক্ষণিকভাবে বন বিভাগকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।