শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৯ আগস্ট, ২০২৬
পর্যটননগরী শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী ও সাধারণ মানুষের অবসর সময় বই পড়ে কাটানোর সুযোগ তৈরি করতে স্থাপন করা ‘পাঠক কর্ণার এ নতুন বই যুক্ত করা হয়েছে। বই বেহাত হয়ে যাওয়ায় এবার চতুর্থ দফায় পাঠাগারটিতে নতুন বই সরবরাহ করা হলো।
শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকালে পাঠক কর্ণারে নতুন বই যুক্ত করা হয়। একই সঙ্গে ‘উত্তরণ এবং প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক ইসমাইল মাহমুদের পক্ষ থেকেও পাঠক কর্ণারের জন্য বই প্রদান করা হয়।
২০২৫ সালে শ্রীমঙ্গল পৌরসভার অর্থায়নে রেলওয়ে স্টেশনে ‘পাঠক কর্ণার স্থাপন করা হয়। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের অবসর সময়কে বই পড়ার মাধ্যমে আনন্দদায়ক ও জ্ঞানসমৃদ্ধ করাই ছিল এর উদ্দেশ্য। তবে পাঠাগারে রাখা বই নিয়মিত বেহাত হয়ে যাওয়ায় এরই মধ্যে কয়েক দফা নতুন বই সরবরাহ করতে হয়েছে।
নতুন বই যুক্ত করার সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম এবং শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেনসহ অনেকে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.জিয়াউর রহমান বলেন, “পাঠক কর্ণারে সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের বই পর্যায়ক্রমে যুক্ত করা হচ্ছে। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী, পথচারী ও স্থানীয় সাধারণ মানুষ যাতে অবসর সময়ে বই পড়ার সুযোগ পান, সেই লক্ষ্যেই শ্রীমঙ্গল পৌরসভার মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসময় পাঠক কর্ণারের বই সংরক্ষণে যাত্রী ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।