Sylhet Today 24 PRINT

মেয়েকে পড়ানোর সামর্থ্য নেই বাবার, হবিগঞ্জের জান্নাতুল পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১৯ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি) চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) উচ্চশিক্ষার জন্য প্রায় ৭৪ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বৃত্তি পেয়েছেন। চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় প্রতিবছর তিনি ১৫ হাজার মার্কিন ডলার করে পাবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে জান্নাতুলকে বৃত্তি পাওয়ার তথ্য জানান।

জান্নাতুল শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা আফজল আলী উপজেলার পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী। পরিবারের আর্থিক নানা প্রতিকূলতার মধ্যেও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় জান্নাতুল পড়াশোনা চালিয়ে যান।

২০২৫ সালে জহুর চান বিবি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপর গত ২০ জুলাই থেকে শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের এ সামার স্কুলে অংশ নেওয়া তাঁর জন্য সহজ ছিল না। তবে নিজের আগ্রহ, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সফলভাবে প্রোগ্রামটি শেষ করেন তিনি।

সামার স্কুল প্রোগ্রাম সফলভাবে শেষ করার পর শেভরনের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার সুযোগ পান জান্নাতুল। এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে চার বছরের জন্য ৬০ হাজার মার্কিন ডলারের বৃত্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

বৃত্তি পাওয়ার অনুভূতি জানিয়ে জান্নাতুল বলেন, “এ রকম একটি বৃত্তির কথা শুনে প্রথমে বিশ্বাস হচ্ছিল না। বারবার চিঠি পড়ে বিশ্বাস তৈরি করছিলাম। এখন নিজেকে প্রস্তুত করা শুরু করেছি। আমাকে আরও এগোতে হবে। পাশাপাশি আমি চাই, আরও শিক্ষার্থীরা এ বৃত্তি অর্জন করুক।”

মেয়ের এ অর্জনে উচ্ছ্বসিত বাবা আফজল আলী। মেয়েকে উচ্চশিক্ষায় পড়ানোর মতো আর্থিক সামর্থ্য তার নেই জানিয়ে তিনি বলেন, জান্নাতুল বৃত্তি পাওয়ায় তিনি অনেকটাই চিন্তামুক্ত হয়েছেন। এখন তাঁর মেয়ে ভালো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে। মেয়ের এ অর্জনে তিনি গর্বিত।

জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, জান্নাতুলের এ অর্জন দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার। সদিচ্ছা, প্রচেষ্টা ও প্রতিভার সমন্বয় থাকলে যেকোনো প্রতিবন্ধকতা অতিক্রম করে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো সম্ভব— জান্নাতুল তার উজ্জ্বল প্রমাণ।

শায়েস্তাগঞ্জের একটি সাধারণ পরিবারের মেয়ে জান্নাতুলের এ সাফল্যে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে। আর্থিক সীমাবদ্ধতা যে মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে চূড়ান্ত বাধা হতে পারে না, জান্নাতুলের অর্জন তারই উজ্জ্বল উদাহরণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.