Sylhet Today 24 PRINT

গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

চুনারুঘাট প্রতিনিধি  |  ২১ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে পাঁচ ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার চুনারুঘাট সদর ইউনিয়নের কাজিরখিল বাজার সংলগ্ন খোয়াই নদীর পাড়ে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন - উপজেলার বিভিন্ন গ্রামের মো. সায়েদ ইসলাম, মো. আব্দুল মন্নান, মো. জিতু মিয়া, মো. রুবেল মিয়া ও মো. শাহআলম মিয়া।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ারের নেতৃত্বে খোয়াই নদীর পাড়ে এ অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবনের অবস্থায় ওই পাঁচজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ২১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আটক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে জব্দ করা গাঁজা ও সরঞ্জামাদি পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার জানান, জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.