Sylhet Today 24 PRINT

ঝুঁকিপূর্ণ সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশ: ১৫ দিনে ১৯ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক |  ২৩ আগস্ট, ২০২৬

ফাইল ছবি

সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশ (হবিগঞ্জের মাধবপুর থেকে সিলেট পর্যন্ত) রীতিমত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কের এই ১৩০ কিলোমিটার অংশে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত ১৫ দিনে এই অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

সবশেষ শনিবার দুপুরে মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা–বাবা ও মেয়ে মিলিয়ে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হন।

এবার এই মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এরআগে ৭ আগস্ট এই ওসমানীনগর উপজেলারই কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হন।

কেবল এ দুটি নয়, ঢাকা-সিলেট মহাসড়কে এখন দুর্ঘটনা ঘটছে নিয়মিতই। বাড়ছে মৃত্যর মিছিল। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলা এই মহাসড়কের অবস্থা এখন একেবারেই নাজুক। পুরো সড়কই ভাঙচোরা। স্থানে স্থানে বড় বড় গর্ত। বর্ষায় টানা বৃষ্টিতে এই সড়কটি এখন চালাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এর সাথে যুক্ত হয়েছে এই সড়কের যান চালকের অনিয়ন্ত্রিত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং আর সড়ক দখল করে গড়ে ওঠা বাজার- এই সব মিলিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ঝুঁকি আরও বাড়িয় তুলেছে।

গত ১০ আগস্ট সকাল ৬টা ১০ মিনিটের হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। উপজেলার রুকুনপুর বাজারের দক্ষিণ পাশে বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপর দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।

আর ৯ আগস্ট ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা এলাকায় ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হন।


ঢাকা-সিলেট মহাসড়কে এখন দুর্ঘটনা ঘটছে নিয়মিতই। বাড়ছে মৃত্যর মিছিল।

গত সাত মাসে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট অংশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৫০ জনের প্রাণহানি হয়েছে।

শেরপুর হাইওয়ে থানা-পুলিশের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে জুলাই–এই ছয় মাসে সিলেটের মহাসড়কগুলোতে ১৮৫ দুর্ঘটনায় ১১৭ জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত হয়েছেন ১০৯ জন।

শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান বলেন, মূলত চালকদের বেপরোয়া গতি ও বিপজ্জনক ওভারটেকিংয়ের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনাগুলো হচ্ছে। পাশাপাশি দীর্ঘ যাত্রার কারণে এই অঞ্চলে এসে চালকদের মধ্যে একদিকে যেমন ক্লান্তি চলে আসে অন্যদিকে দ্রুত গন্তব্যে যাওয়ার তাড়া থাকে। তাই ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থেকে সিলেট অংশ পর্যন্ত কয়েকটি এলাকা দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। আশা করছি, এই মহাসড়কের ৬ লেনের কাজ সম্পন্ন হলে দুর্ঘটনা অনেকটাই হ্রাস পাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.