সুনামগঞ্জ প্রতিনিধি | ২৪ আগস্ট, ২০২৬
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ডাবর-জগন্নাথপুর মহাসড়কের সিচনী পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন। পাশাপাশি তিনি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন ‘ব্লাড ব্যাংক জামালগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা হিসেবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ভৌগোলিকম্যাপ ও গাইড অন্বেষণ করা
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে মৌলভীবাজারের উদ্দেশে যাচ্ছিলেন উজ্জ্বল। পথে সিচনী ব্রিজ পার হয়ে কালাপুল সংলগ্ন মহাসড়কে বিকট শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দুর্ঘটনায় তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত যুবকের মোটরসাইকেলটি দুর্ঘটনাস্থলের সামান্য দূরে পড়ে ছিল।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার মুহূর্তে ঢাকা থেকে সুনামগঞ্জগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাসকে দ্রুতগতিতে চলে যেতে দেখা যায়। তবে গতি বেশি থাকায় বাসের নম্বর উদ্ধার করা সম্ভব হয়নি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। কোন গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবার থানায় এসে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।