সুনামগঞ্জ প্রতিনিধি | ২৪ আগস্ট, ২০২৬
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে সওজের জায়গায় থাকা প্রায় সাড়ে চার হাজার গাছ কাটার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সাচনা বাজার এলাকায় সব ধরনের গাছ কাটা স্থগিত ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। রোববার দুপুরে জেলা প্রশাসক গণমাধ্যমকে এই বিষয়ে অবহিত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলকে আহ্বায়ক করে সড়ক ও জনপথ বিভাগের (সওজের) উপবিভাগীয় প্রকৌশলী ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে সদস্য করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কেন অনুমতি ছাড়া গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কের ১৯ কিলোমিটার এলাকায় সম্প্রতি গাছ কাটা শুরু হলে স্থানীয়রা ক্ষুব্ধ হন। এ বিষয়ে বন বিভাগ, সওজ এবং পরিবেশ আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে রোববার জেলা প্রশাসকের বৈঠক ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে গাছ কাটা নিয়ে যে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে জানার পর বন বিভাগের সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি এবং তাদের জেলা প্রশাসক কার্যালয়ে আসার আহ্বান জানান। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ), পরিবেশ আন্দোলনের সভাপতি এবং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে তিনি সওজের নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চান যে, সাচনা বাজারের ওই গাছগুলো কর্তনের সঙ্গে সড়ক প্রশস্তকরণের কোনো সম্পর্ক রয়েছে কিনা। উত্তরে সওজের নির্বাহী প্রকৌশলী স্পষ্টভাবে জানান যে, ওই এলাকায় সওজের এই ধরনের কোনো সড়ক প্রশস্তকরণ প্রকল্প বা পরিকল্পনা নেই। যেহেতু সওজের কোনো প্রকল্প নেই, তাই সেখানে সড়ক প্রশস্ত করার অজুহাতে গাছ কাটার কোনো অবকাশই থাকতে পারে না। বিষয়টি তিনি নিশ্চিত হওয়ার পর অবিলম্বে বন কর্মকর্তাকে সাচনা বাজারে সব ধরনের গাছ কাটা স্থগিত ও বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
জেলা বন কর্মকর্তা রিয়াজ উদ্দিন বললেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দিলে আমাদের সেটি মানতে হবে। তিনি গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছেন, আমরা সেটিই প্রতিপালন করব। গাছ কেন-কীভাবে কাটা হয়েছে, এই বিষয়টিও জেলা প্রশাসককে জানানো হবে।