Sylhet Today 24 PRINT

আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ আগস্ট, ২০২৬

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। মঙ্গলবার দুপুরে নগরীর নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন দুই মন্ত্রী।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। কার্যালয় উদ্বোধনের মাধ্যমে যানা শুরু হল এ প্রতিষ্ঠািটির।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন একটি সরকারি সংস্থার যাত্রা শুরু হওয়া সিলেটবাসীর জন্য আনন্দের বিষয়। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নগরের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকারি কাজ সঠিকভাবে পরিচালনার জন্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় থাকা জরুরি। সমন্বয়ের ঘাটতি থাকলে উন্নয়নকাজই অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

উন্নয়নকাজে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার উদাহরণ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, একটি সড়ক বা উন্নয়ন প্রকল্পের কাজ করতে গিয়ে কখনো গ্যাসের লাইন কাটা হচ্ছে, আবার পরে সেখানে গ্যাসের লাইন বসাতে হচ্ছে। একইভাবে পানির পাইপ সরিয়ে আবার নতুন করে বসাতে হচ্ছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে বিভিন্ন সংস্থার মধ্যে আন্তঃসংস্থা সমন্বয় (ইন্টার-এজেন্সি হারমনি) নিশ্চিত করা প্রয়োজন।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে এ বিষয়টির দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেন এ ধরনের সমন্বয়হীনতা তৈরি না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব নতুন এই সংস্থারও রয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সরকারের নির্ধারিত দায়িত্ব ও প্রত্যাশা পূরণ করবে এবং সিলেটের আগামী দিনের উন্নয়নে সহযোগী ভূমিকা পালন করবে এটাই তাদের প্রত্যাশা।

নতুন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.