নিজস্ব প্রতিবেদক | ২৫ আগস্ট, ২০২৬
সিলেটবাসীর দীর্ঘদিনের আবাসন চাহিদা পূরণে সিলেট-তামাবিল বাইপাস সড়ক এলাকায় আবাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ বিকেলে সিলেট তামাবিল বাইপাস এলাকায় প্রস্তাবিত আবাসন প্রকল্পের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি।
পরিদর্শনকালে মন্ত্রী প্রস্তাবিত এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং আবাসন প্রকল্পের জন্য জায়গাটির সম্ভাব্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
এ প্রকল্পের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের পরিকল্পিত ও নিরাপদ আবাসনের প্রত্যাশা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, সিলেটে বিপুলসংখ্যক প্রবাসীর বসবাস ও বিনিয়োগের বিষয়টি বিবেচনায় নিয়ে একটি পরিকল্পিত শহর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, সিলেটে যেহেতু প্রচুর প্রবাসী আছেন, তাদের জন্য একটি পরিকল্পিত শহর গড়তে চাই। এজন্য উপযুক্ত জায়গা সিলেটের কোথায় কোথায় রয়েছে, তা আমরা খুঁজে দেখছি।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রেখেই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একটি স্মার্ট সিটির জন্য প্রয়োজনীয় আধুনিক সুযোগ-সুবিধা ও অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। জাকারিয়া তাহের আরও বলেন, পরিবেশের ভারসাম্য রেখে একটি স্মার্ট সিটিতে যা যা প্রয়োজন, আমরা তা করার উদ্যোগ নেব। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা ফেরদৌসী বেগম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সিলেটের প্রকৌশলী নাজমুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।