Sylhet Today 24 PRINT

মঙ্গলবার সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৭ আগস্ট, ২০২৬

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) একদিনের সরকারি সফরে সিলেট আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীর এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো সিলেট আসছেন তিনি।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হবেন স্বরাষ্ট্র মন্ত্রী। বেলা ১১টা ২০ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে সরাসরি সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরের উদ্দেশে যাত্রা করবেন।

বিজিবি সেক্টর সদর দপ্তরে চা-বিরতি শেষে মন্ত্রী দুপুর ১২টা ১০ মিনিটে ‘Shimanto School of Surveillance and Drone Warfare’ (SSSDW)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র পর্বে অংশগ্রহণ করবেন। পরবর্তীতে দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি এই প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করবেন এবং বেলা ১২টা ৫০ মিনিটে আয়োজিত ড্রোন প্রদর্শনী উপভোগ করবেন।

দুপুর ১টা ২০ মিনিটে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেস ব্রিফিং করবেন স্বরাষ্ট্র মন্ত্রী। এরপর দুপুর ১টা ৫০ মিনিটে বিজিবি অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করবেন।

বিকাল ৩টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিলেট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করবেন তিনি।

দিনব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন স্বরাষ্ট্র মন্ত্রী साলাহউদ্দিন আহমদ।

এই সফরে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. শিমুল আকতার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার ফয়সল হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.