নিজস্ব প্রতিবেদক | ২৭ আগস্ট, ২০২৬
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আইন, বিচার ও সংসদ বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে এই কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপিত হলে তা কণ্ঠভোটে পাস হয়।
সংসদীয় এই গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নওশাদ জমির।
কমিটির সদস্য হিসেবে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ছাড়াও আরও রয়েছেন— সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)।
আইন পেশায় অভিজ্ঞ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে এই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে সদস্য করায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, আইন ও সংসদীয় কার্যবিধি পর্যালোচনায় এই স্থায়ী কমিটি জাতীয় সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে বিবেচিত। অ্যাডভোকেট এমরান চৌধুরীকে এই দায়িত্ব প্রদান করায় তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সহ পুরো জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।।