Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাইবোল্ড’স ওয়াটার স্নেক উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ২৮ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি সাইবোল্ড'স ওয়াটার স্নেক উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট) রাতে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে সাপটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, রাতে কুঞ্জবন গ্রামের একটি বাড়ির পাশের জমিতে এলাকার লোকজন একটি সাপের বাচ্চা দেখতে পান। সাপটি অপরিচিত হওয়ায় তারা ভয় পান।

পরে স্থানীয় শিক্ষক একরামুল কবীর আমাদের খবর দিলে আমরা সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করি। তিনি বলেন, এই সাপ আগে কখনো দেখিনি। এখন পরিচয় বলা যাচ্ছে না।

তবে সাপ বিশেষজ্ঞ শাহরিয়ার সিজার রহমান বলেন, এটি সাইবোল্ড'স ওয়াটার স্নেক।

বিরল প্রজাতির দুর্লভ একটি সাপ। বাংলায় কোনো নাম নেই। রংপুর, কুড়িগ্রাম এলাকায় কদাচিৎ দেখা যায়। সাপটি কলুব্রিডি পরিবারের একটি নির্বিষ জলচর সাপ।
বাংলাদেশ ও ভারতের মিঠাপানির জলাশয়, নদী, খাল ও বিলে মূলত এই প্রজাতির সাপ দেখা যায়। এদের শরীর অপেক্ষাকৃত মোটা এবং পিঠের ওপর কালচে বা ধূসর বাদামি রঙের ছোপ ছোপ দাগ থাকে। তিনি জানান, এটি প্রধানত মাছ ও উভচর প্রাণী (ব্যাঙ) খেয়ে বেঁচে থাকে। এরা অধিকাংশ সময় পানিতে বা জলাভূমির আশপাশে কাটায়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা সাপটিকে আমরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করব।

পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.