Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

চুনারুঘাট প্রতিনিধি  |  ২৯ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাত দলের হামলা ও মারধরের শিকার হয়ে গৌতম চন্দ্র দেবনাথসহ তিনজন আহত হন।

এসময় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়ের শ্রীবাউর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪/৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গৌতম দেবনাথের বাড়িতে হানা দেয়। ভোররাত তিনটা থেকে ৪টার মধ্যে ডাকাতরা বসতঘরের গেটের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর প্রতিটি কক্ষের কাঠের দরজা শাবল দিয়ে ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে।

এক পর্যায়ে ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তারা নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার, জুতা, কাপড়সহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।

খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা সজল পাল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ডাকাতির ঘটনাটি তদন্ত করে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.