শ্রীমঙ্গল প্রতিনিধি | ০১ সেপ্টেম্বর, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যার পর উপজেলার ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা-বাগানের ২৯ নম্বর সেকশনের পাশের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারী শ্রমিকের নাম মীরা হাজরা (৩৮)। তিনি ভাড়াউড়া চা-বাগানের স্থায়ী চা শ্রমিক ছিলেন। তিনি একই বাগানের শ্রমিক দিপু হাজরার স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবার ও বাগান সূত্রে জানা গেছে, সোমবার সকাল নয়টার দিকে প্রতিদিনের মতো চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন মীরা হাজরা। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সন্ধ্যার পর স্বজনদের সঙ্গে বাগানের কয়েকজন শ্রমিকও মীরাকে খুঁজতে বের হন। বাগানের বিভিন্ন এলাকায় খোঁজ চালানোর একপর্যায়ে রাত ১০ টার দিকে ২৯ নম্বর সেকশনের একটি ড্রেনের ভেতরে তার লাশ দেখতে পান তারা। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
এসব তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক।
ওসি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মীরা হাজরার মৃত্যুতে ভাড়াউড়া চা-বাগান এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। সহকর্মী ও স্বজনেরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে চা-বাগানের শ্রমিকদের চলাচলের পথে থাকা ড্রেন, খালসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা।