Sylhet Today 24 PRINT

স্বৈরাচারী শক্তির উৎপত্তি হবে না এমন সাংবিধানিক পদ্ধতি প্রবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে প্রবর্তন করতে হবে এমন একটি সাংবিধানিক পদ্ধতি যার মধ্য দিয়ে ভবিষ্যতে কোন সামরিক স্বৈরাচারের উৎপত্তি হবে না, কোন স্বৈরাচারী শক্তির উৎপত্তি হবে না, কোন ফ্যাসিবাদ এবং পেশি শক্তির উৎপত্তি হবে না। এরকম একটি সাংবিধানিক সংশোধনের জন্য কাজ করছে বর্তমান সরকার।

এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সন্ধ্যায়্ সিলেট শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বিএনপির ইতিহাস আন্দোলন, গৌরব, উন্নয়ন, অর্জন ও ধারাবাহিক সংস্কারের ইতিহাস। দলের শীর্ষ নেতা তারেক রহমান ঘোষিত পরিকল্পনা দেশ থেকে দারিদ্র্য দূর করার পরিকল্পনা।

সভায় দেশের ইতিহাসের সাথে মেজর জিয়াউর রহমানের সম্পর্কের নানা ধারাবাহিক ঘটনার বিবরণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাউদ্দিন বলেন, বিএনপির ইতিহাস আন্দোলন, গৌরব, উন্নয়ন, অর্জন ও ধারাবাহিক সংস্কারের ইতিহাস। আমি অন্য দলের রাজনৈতিক ইতিহাস বলব না, সে বলার সময় আজকে নেই।

এসময় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বাণিজ্য মন্ত্রী ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আজ দেশের প্রধানমন্ত্রী। তারেক রহমানের নেতৃত্বে সকল সংকটকে মোকাবেলা করে দেশকে আগামী ৫ বছরের ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে সরকার।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় এতে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.