Sylhet Today 24 PRINT

সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে ফজরের নামাজের সময় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— গোলাপগঞ্জ উপজেলার রনকেলী নুরুপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে রাশেদ আহমদ (২৪), লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের আব্দুল আহাদের ছেলে রায়হান আহমদ (১৯), রনকেলী নুরুপাড়া গ্রামের খলিল আহমদের ছেলে আবুল কালাম (৩০), একই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে জাকির আহমদ (২৯) এবং দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সিরামপুর গ্রামের খালেদ হোসেনের ছেলে ইফাতুর রহমান (২৩)।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের কয়েকজন সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.