Sylhet Today 24 PRINT

ভারত যাওয়ার চেষ্টাকালে সিলেট সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক |  ০২ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার সীমান্তবর্তী ঘিলাতৈল গোয়াবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

আটকরা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মিলন খান (৩০) ও তার স্ত্রী শীমা খানম (২৩), যশোরের অভয়নগর উপজেলার বাসুয়ালী গ্রামের আহাদ শেখ (৩১) ও তাঁর স্ত্রী রেশমা পারভীন (৩৪), নড়াইলের কালিয়া উপজেলার পোড়লী গ্রামের রিনা খাতুন (৩৮), আমরিল ভাঙ্গা গ্রামের চুমকি খাতুন (৩০) ও তার ছেলে নূর মোহাম্মদ (১১) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামের মিনা খাতুন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গোয়াবাড়ি সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজনের চলাচল দেখতে পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, দালালদের মাধ্যমে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী ও শিশুসহ আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।’

তিনি জানান, মামলার পর বুধবার আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।্র্র্র

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.