Sylhet Today 24 PRINT

সিলেটে পানির দাবিতে সিটি করপোরেশনে ভাঙচুরের অভিযোগ, আটক ৬

নিজস্ব প্রতিবেদক |  ০৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে পানির সংকট নিরসনের দাবিতে কলস-বালতি নিয়ে সিটি করপোরেশনে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগে ছয় যুবক আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে সিটি করপোরেশনের ষষ্ঠ তলায় পানি শাখায় এ ঘটনা ঘটে বলে সিলেট কোতোয়ালি থানার ওসি খান মো. মঈনুল জাকির জানিয়েছেন।

আটকরা হলেন- মিরাজ, তাহমিদ, তাহের, জুয়েল, রুহান এবং মারুফ। তারা নগরের জল্লারপার এলাকার বাসিন্দা।

ওসি খান মঈনুল জাকির বলেন, সিটি করপোরেশনের ষষ্ঠ তলার জানালা ভাঙচুরের অভিযোগে তাদের আটক করে পুলিশে দিয়েছেন কর্মচারীরা। তাদের বিরুদ্ধে মামলা হবে।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ বলেন, সিটি করপোরেশনের ষষ্ঠ তলার জানালা ভাঙচুরের ঘটনায় ছয়জনকে আটক করে পুলিশে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জল্লারপার এলাকার বাসিন্দা মোহাম্মদ এহছানুল হক তাহের সাংবাদিকদের বলেন, সোমবার এলাকার বাসিন্দারা সিটি করপোরেশনে গিয়ে পানির সংকটের কথা জানিয়েছিলেন। তখন কর্মকর্তারা তিন দিনের মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছিলেন।

সময়ের মধ্যে সমস্যার সমাধান না হওয়ায় বৃহস্পতিবার তারা আবার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে সিটি করপোরেশনে যান।

এহছানুল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে পানির দাবি জানাতে গিয়েছিলাম। সিটি করপোরেশনে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। অন্যায়ভাবে ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। দ্রুত তাদের মুক্তি দিতে হবে।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটটুডেকে বলেন, দাবি জানানোর একটি প্রক্রিয়া আছে। তারা আমার কাছে দাবি জানাতে পারতেন। কিন্তু নগর ভবনের ৬ তলার উপরে উঠে বিক্ষোভ ও ভাঙচুর কোনভাবেই কাম্য নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.