নিজস্ব প্রতিবেদক | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁও এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম আল-আমিন (৩০)। সে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের নলকট এলাকার আলী আসকরের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের নলকট এলাকায় নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আল-আমিনকে দেখতে পেয়ে স্থানীয়রা থানাপুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। এসময় মরদেহের শরীরে বুকের উপরে ব্লেডের কাটার মতো কয়েকটি কাটা দাগ দেখতে পায় পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়।
বিষয়টি জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব। তিনি বলেন, ‘প্রেম করে আল-আমিন বিয়ে করেন। মাসখানেক আগে সন্তানসহ তার স্ত্রী ঢাকায় চলে যায়। এরপর শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে জালালাবাদ থানা পুলিশ আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এরআগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত লায়েস মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কে বা কারা কদমতলী বাস টার্মিনাল এলাকায় ওই যুবককে ফেলে চলে যায়। তার একদিন পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফউজ্জামান জানান, কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে তাকে খুন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।