শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৭ সেপ্টেম্বর, ২০২৬
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া স্টিল ব্রিজ নামক এলাকার শ্রীমঙ্গল-ভানুগাছ প্রধান সড়কের পাশ থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে বিশাল একটি সেগুন গাছ (মৃত গাছ ) চুরি হয়েছে।
এই গাছটির আনুমানিক বাজারমূল্য লাখ টাকার কাছাকাছি বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, রাতের বেলায় বন বিভাগের কিছু বন প্রহরী ও স্হানীয় বন টহল দলের সদস্যরা (সিপজি) নিয়মিত দায়িত্ব পালন না করার কারনে এমন ঘটনা ঘটেছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার রাতে জানকিছড়া ক্যাম্পের ফটকে দায়িত্বে ছিলেন বন প্রহরী বাবুল ও বন টহল দলের সিপিজি সদস্য বিজয় বাউরি।
অন্যদিকে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকে বিট কর্মকর্তা নিজে টহল পুলিশের একটি দল নিয়ে ভোর সাড়ে ৫টা পর্যন্ত সশরীরে উপস্থিত ছিলেন। এত কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কিভাবে সড়কের পাশ থেকে বিশাল গাছটি কেটে নিয়ে গেল চোরচক্র, এ নিয়ে জনমনে নানান প্রশ্ন উঠেছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, মৃত একটি সেগুন গাছ চুরির বিষয়টি জানতে পেরেই আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হয়ে যাওয়া মূল্যবান সেগুন কাঠ উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই চুরির সঙ্গে বন বিভাগের ভেতরের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে, তার বিরুদ্ধে কঠোর আইনি ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।