নিজস্ব প্রতিবেদক | ০৭ সেপ্টেম্বর, ২০২৬
নগরের মির্জাজাঙ্গালের এই বাসা থেকেই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে পুলিশ
সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। প্রান্ত’র স্ত্রীও চিকিৎসক।
তবে বিকেলে বহুতল ওই বাসার প্রান্তদের ফ্ল্যাটে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। তার আগেই মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। প্রান্তদের। ফ্ল্যাট তালাবদ্ধ ছিল।
নিহত চিকিৎসকের এক প্রতিবেশি নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহত ও তার স্ত্রী দুজনই চিকিৎসক। গতকালকেই তারা ওই বাসায় ওঠেন। আর আজ ঘরের ভেতর মরদেহ পাওয়া যায়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চিকিৎসককে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, নিহত চিকিৎসকের বোনও গত বছর আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরিবারের ধারণা মানসিক সমস্যা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। ফলে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।