Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি

নিজস্ব প্রতিবেদক |  ০৭ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে বদলি করা হয়েছে। সোমবার এক প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া আবু জাফর মো. খালেদ হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে প্রজ্ঞাপনে বদলির কোন কারণ উল্লেখ করা হয়নি।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডাক্তারদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে সম্প্রতি আলোচনায় আসেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ওসমানী হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব নেন।

গত ১ আগস্ট তিনি এক বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকদের জন্য হাসপাতালে প্রবেশের নির্ধারিত সময় সকাল ৮টা এবং প্রস্থানের দুপুর ২টা ৩০ মিনিট। তবে সাম্প্রতিক বায়োমেট্রিক উপস্থিতির তথ্য পর্যালোচনায় উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গেছে।

বায়োমেট্রিক তথ্য অনুযায়ী, সকাল ৯টার পর কর্মস্থলে উপস্থিত হওয়ার হার বহির্বিভাগে ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগে ৬৫ শতাংশ। অর্থাৎ নির্ধারিত সময় সকাল ৮টার এক ঘণ্টা পরও উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক কর্মস্থলে উপস্থিত হচ্ছেন।

অন্যদিকে, নির্ধারিত সময় দুপুর ২টা ৩০ মিনিটের আগেই কর্মস্থল ত্যাগের প্রবণতাও বেশ বেশি। তথ্য অনুযায়ী, বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল ত্যাগ করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.