নিজস্ব প্রতিবেদক | ১০ সেপ্টেম্বর, ২০২৬
সিলেট বিভাগীয় কমিশনারকে সভাপতি এবং স্থানীয় ক্রীড়া সংগঠক এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুকে সদস্য সচিব করে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৭ সদস্যের এই অ্যাডহক কমিটির তথ্য জানানো হয়েছে।
নবগঠিত এই অ্যাডহক কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), পুলিশ কমিশনার, স্থানীয় সরকার পরিচালক, বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক, স্থানীয় ক্রীড়াবিদ মোস্তফা কামাল পাশা মওদুদ।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (১৫), ২ (৪) ও ৮-এর ক্ষমতাবলে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত অ্যাডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম মেনে পরবর্তী নির্বাচনের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।