নিজস্ব প্রতিবেদক | ১২ সেপ্টেম্বর, ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১৫ সেপ্টেম্বর তাঁর এই আগমন ঘিরে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত হচ্ছে সিলেট।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে নগরে চলছে সৌন্দর্যবর্ধণের কাজ। নগরের গুরুত্ব সড়কগুলোর ডিভাইডার, কিন ব্রিজ, সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকায় নতুন রং করা হচ্ছে। এছাড়া সিটি করপোরেশন এবং হযরত শাহজালাল (রহ.) মাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধণের কাজ চলছে।
ওইদিন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। সফরকালে তিনি হযরত শাহজালাল (রাহ.) ও হযরত শাহপরাণ (রাহ.)-এর মাজার জিয়ারত করবেন।
রাষ্ট্রপতির মাজার জিয়ারত উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে শনিবার দুপুরে হযরত শাহজালাল (রাহ.) দরগাহ শরিফ পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে দরগাহ এলাকায় সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক। রাষ্ট্রপতির মাজার জিয়ারত নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দরগাহ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
এরআগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির সফরের সার্বিক অগ্রগতি ও আয়োজনের বিষয়ে জানাতে গত বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। সাক্ষাৎকালে সিসিক প্রশাসক রাষ্ট্রপতির সফরসূচি এবং নাগরিক সংবর্ধনার সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।
সাক্ষাৎ শেষে সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতির আগমন ঘিরে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে নগরবাসীর মনে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে তার পূর্ণ প্রতিফলন ঘটবে।
সফরসূচি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। বিকেলে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে ওই দিনই সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা।
এদিকে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।