Sylhet Today 24 PRINT

স্বনন সাহিত্য সম্মাননা পেলেন আকমল হোসেন নিপু ও সুমন বনিক

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০২৬

সাহিত্যের ছোটকাগজ ‘স্বনন’ প্রবর্তিত ‘স্বনন সাহিত্য পুরস্কার-২০২৬’ পেয়েছেন কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু এবং কবি ও ‘অগ্নিশিখা’র সম্পাদক সুমন বনিক। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য আকমল হোসেন নিপু এবং লিটল ম্যাগাজিন সম্পাদনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সুমন বনিককে এ সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে দুই দিনব্যাপী ‘স্বনন সাহিত্য উৎসব-২০২৬’-এর প্রথম দিনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির সচিব ও কবি জাকির জাফরান। উদ্বোধন করেন কবি ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কবি, লেখক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন ‘স্বনন’-এর সম্পাদক কবি সুনীল শৈশব। এ পর্বে বক্তব্য দেন সৈয়দ মুজিবুর রহমান, চিকিৎসক অঞ্জন ভৌমিক, চিকিৎসক বিনেন্দু ভৌমিক, চিকিৎসক ওবায়েদ বাপ্পি, এম এ আহাদ, মজিবুর রহমান রঞ্জু, আইনজীবী মিজানুর রহমান, আইনজীবী বিশ্বজিৎ ঘোষ ও নুরুল ইসলাম। বক্তারা ‘স্বনন সাহিত্য উৎসব’-এর সাফল্য কামনা করেন।

দ্বিতীয় পর্বে ‘সাম্প্রতিক লিটলম্যাগাজিন আন্দোলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন লিটল ম্যাগাজিনের সম্পাদকেরা অংশ নেন। এরপর কবিকণ্ঠে কবিতাপাঠের আয়োজন করা হয়।

চতুর্থ পর্বে ‘সমকালীন সাহিত্য, শিল্পচেতনা ও সিলেটের সাহিত্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ড. আবুল ফতেহ ফাত্তাহ।

সন্ধ্যা সাতটায় শুরু হয় উৎসবের পঞ্চম পর্ব। এ পর্বে ‘স্বনন’-এর সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ‘স্বনন সাহিত্য উৎসব-২০২৬’ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে আকমল হোসেন নিপু ও সুমন বনিককে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। তাদের হাতে ক্রেস্ট, মানপত্র ও অর্থমূল্যের প্রাইজবন্ড তুলে দেওয়া হয়। এ পর্ব সঞ্চালনা করেন কবি মুজাহিদ আহমদ।

অনুষ্ঠানের প্রথম দিনের আয়োজন শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এতে সংগীত পরিবেশন করে ‘পিঞ্জিরা’ সংগীতদল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.