Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে নারীদের গোসলের ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ |  ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের গোপন ছবি ধারণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-শিশুসহ ৫০ জন আহত হয়েছেন।

রোববার দুপুরে পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষ হয় বলে বানিয়াচং থানার ওসি মো. নাজমুল হক জানিয়েছেন।

এ ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি কাটখাল গ্রামের একটি পুকুরে স্থানীয় পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী লুৎফুর রহমানের পক্ষের কয়েকজন নারী গোসল করছিলেন। এ সময় স্থানীয় এরাজত মিয়ার দুই ছেলে ওই নারীদের গোপনে মোবাইল ফোনে ছবি ধারণ করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি জানাজানি হলে কাজী লুৎফুর রহমান ও এরাজত মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

তারা বলছে, প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোকজন আহত হন। পরে গুরুতরদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, গোসলরত নারীদের গোপন ছবি মোবাইল ফোনে ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.