Sylhet Today 24 PRINT

পারিবারিক কলহ: জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’

কমলগঞ্জ ও জগন্নাথপুর প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রতীকী ছবি

পারিবারিক কলহের জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অপরদিকে, স্বামীর সাথে কলহের জেরে তামান্না আক্তার জলি (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন বলে জানা গেছে।

কমলগঞ্জের ঘটনার ব্যাপারে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলতলী গ্রামে শফিকুর রহমান আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে পরিবারের সদস্যদের অগোচরে শফিকুর রহমান নিজ বসতঘরে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি কমলগঞ্জ থানায় খবর দেন।

খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই সুবির বিক্রমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি কমর উদ্দিন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে, জগন্নাথপুরের ঘটনাটি ঘটে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০ টার মধ্যে উপজেলার আশারকান্দি ইউনিয়নের নিউমার্কেট কাঠালখাই (পশ্চিম পাড়া) গ্রামে। নিহত তামান্না আক্তার জলি ওই গ্রামের আব্দুল মজিদ ও নাসিমা বেগম দম্পতির মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জগন্নাথপুর উপজেলার আলমপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে মারুফ আহমেদের (৩২) সঙ্গে তামান্না আক্তার জলির বিয়ে হয়। তাদের সংসারে আয়াত বেগম নামের ১৩ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর তার স্বামী সৌদি আরব চলে যান। প্রবাসে থাকা অবস্থায় বিভিন্ন বিষয় নিয়ে মোবাইল ফোনে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। একাধিকবার বিষয়টি সামাজিকভাবে মীমাংসাও করা হয়। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে আবারও পারিবারিক কলহ সৃষ্টি হলে গত ৬-৭ দিন আগে জলি তার বাবার বাড়িতে চলে আসেন।

ঘটনার দিন রোববার সারাদিন মোবাইল ফোনে স্বামীর সঙ্গে জলির তুমুল বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে জলি বসতঘরের মধ্যে আত্মহত্যার চেষ্টা চালান। এ সময় তার ১৩ মাস বয়সী শিশু সন্তান চিৎকার করে উঠলে বাবা আব্দুল মজিদসহ পরিবারের অন্য সদস্যরা দৌড়ে ঘরে যান। তারা জলিকে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট জেলার গোয়ালাবাজারস্থ ডাক্তার ইকবাল মাহমুদের চেম্বারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে স্বজনরা মরদেহ বাড়িতে ফিরিয়ে এনে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.