Sylhet Today 24 PRINT

তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামী ১০ অক্টোবর থেকে নগরীর শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী শুরু হবে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’।

মেলায় সিলেটের নারী উদ্যোক্তাসহ সারা দেশের সৃজনশীল পণ্য উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন।

মেলার মাঠের ভিত্তি-প্রস্তর স্থাপন উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সংগঠনের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান।

সংবাদ সম্মেলনে সভাপতি বলেছেন, সিলেট অঞ্চলে বিগত তিন বছরে কোনো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামী ১০ অক্টোবর উদ্বোধনের দিন থেকে শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী এ মেলা চলবে।

তিনি জানান, মেলায় সিলেটের নারী উদ্যোক্তাদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সৃজনশীল পণ্য উদ্যোক্তারা অংশ নেবেন। এর মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।

সভাপতি আরও বলেছেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সংগঠন। মেলা আয়োজনের জন্য সিলেট জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোর প্রয়োজনীয় অনুমতি রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে মেলা চলাকালীন সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার অনুমোদন দিয়েছে।

মেলার মাঠ ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেছেন, উদ্বোধনের পূর্বপ্রস্তুতি হিসেবে মাঠ সাজানো, লাইটিং, মেলার গেইট, অফিসসহ বিভিন্ন অবকাঠামোগত কাজের জন্য সিলেট সদর উপজেলার অনুমোদন রয়েছে। এসব কাজে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সার্বিক সহযোগিতা করবে সিলভেন্ট প্ল্যানার্স।

এর আগে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্যরা শাহী ঈদগাহ মাঠে মেলার ভিত্তি-প্রস্তর স্থাপন করেন। বাণিজ্য মেলায় প্রায় ১৫০টি স্টলে দেশীয় বিভিন্ন পণ্য, পোশাক, হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিকস, প্রসাধনী, খাদ্যপণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

আয়োজকরা জানান, সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার, স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরিই এ মেলার অন্যতম উদ্দেশ্য। মাসব্যাপী এ আয়োজনে দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ও সাংস্কৃতিক কর্মসূচিও রাখা হবে।

মেলায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সিলেটের সংসদ সদস্যদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে মেলার সার্বিক প্রস্তুতি, স্টল বরাদ্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হবে।

আয়োজকরা আশা করছেন, মাসব্যাপী এ বাণিজ্য মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন। একই সঙ্গে সিলেটের ব্যবসা-বাণিজ্যে মেলাটি ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি এবং পরিচালক সাঈমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান, রেহানা ফারুক শিরিন, আসমাউল হাসনা খান, গাজী জিনাত আফজা, শাহানা চৌধুরী ও তাহমিনা হাসান চৌধুরী।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে আগত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মেলাটি সফলভাবে সম্পন্ন করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.