নিজস্ব প্রতিবেদক | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল। তাঁর সফরকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সম্মেলনকক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
ব্রিফিংয়ে রাষ্ট্রপতির সফর ঘিরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নির্ধারিত সময়ে দায়িত্বস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার।
দায়িত্বকালীন সময় নির্ধারিত পোশাকবিধি মেনে পরিচ্ছন্ন পোশাক পরিধান এবং সর্বোচ্চ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেওয়া হয়।
রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ১৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে মোটরকেডযোগে সিলেট সার্কিট হাউসে যাবেন। পরে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করবেন তিনি।
বিকেলে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। এসব কর্মসূচিকে কেন্দ্র করে নগরের বিভিন্ন সড়কে যানবাহনের চাপ তৈরি হতে পারে। এ কারণে রাষ্ট্রপতির যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ব্রিফিংয়ে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আন্তরিকতা, সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এসএমপি কমিশনার। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
ব্রিফিং প্যারেডে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেনসহ এসএমপির অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।