Sylhet Today 24 PRINT

চোরাচালান ঠেকানোর ঘোষণা, ৫ দিনের মাথায় নিজেরাই ভারতীয় গরুসহ গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায়

মো: নাজমুল ইসলাম, বড়লেখা |  ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত ।

মৌলভীবাজারের বড়লেখার ডিমাই এলাকায় ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান ঠেকানোর ঘোষণা দিয়ে আয়োজিত সভায় বক্তব্য দিয়েছিলেন ছাত্রদল নেতা আফজাল হোসেন (২০)। ওই সভায় তার সহযোগী হিসেবে পরিচিত আরেক ছাত্রদল নেতা শাহিন আহমদও (১৯) উপস্থিত ছিলেন। সভার পাঁচ দিনের মাথায় ভারতীয় চোরাচালানের চারটি গরুসহ তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বড়লেখা হাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চারটি ষাঁড় বাছুর উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গরুগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার পুলিশ জানতে পারে, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে চারটি গরু এনে বড়লেখায় নেওয়া হচ্ছে। পরে পুলিশের একটি দল হাজীগঞ্জ বাজারের গরুর হাটসংলগ্ন রেললাইনের পূর্ব পাশে ফাঁকা জায়গায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও শাহিন আহমদ ও আফজাল হোসেনকে আটক করা হয়। সেখান থেকে চারটি ষাঁড় বাছুর উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, এ সময় আরও পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তি গরুগুলো নামিয়ে একটি পিকআপে করে পালিয়ে যায়। উদ্ধার করা চারটি গরুর আনুমানিক মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন বড়লেখা উপজেলার ডিমাই এলাকার বিওসি কেছরীগুল গ্রামের আব্দুল আজিজ বচুর ছেলে শাহিন আহমদ (১৯) এবং একই এলাকার আব্দুল হান্নানের ছেলে আফজাল হোসেন (২০)।

এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই এলাকায় ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান ঠেকাতে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রদল নেতা আফজাল হোসেন বক্তব্য দেন। সভায় শাহিন আহমদও উপস্থিত ছিলেন। ওই সভার পাঁচ দিনের মাথায় তাঁদের বিরুদ্ধে ভারতীয় গরু চোরাচালানের অভিযোগে মামলা হয়েছে।

এ ঘটনায় বড়লেখা থানায় ১৪ সেপ্টেম্বর মামলা করা হয়েছে। মামলায় দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫বি (১)(বি) ও ২৫ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.