Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রদল নেতাকে মারধর: আ.লীগ-ছাত্রলীগ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুলকে তার নিজ বসতঘরে ঢুকে মারধর এবং ঘরের মালামাল লুট ও ভাংচুরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের ৭০ নেতাকর্মীকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুল বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন।

ঘটনার ৫ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শামীম আহমদ ওরফে চাক্কু শামীমকে প্রধান অভিযুক্ত করে থানায় দায়ের করার মামলায় ২০ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরোও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে।

তবে এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত কোন গ্রেপ্তার নেই বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ছাত্রদল নেতার দায়ের করা মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ওরফে হাবিব মিয়া, নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, সহ সভাপতি কয়েছ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ, রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক শেখ সালমান আহমেদ, প্রচার সম্পাদক পারভেজ আহমদ, যুবলীগ নেতা রাজন আহমদ অপু, নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক বিজয়, কার্যক্রম নিষিদ্ধ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশিক আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, এবং ওয়াজিবুল মিয়া, হেলাল, আইদিদ আহমেদ, আবু আহমেদ তালহা, নাইম আহমদ, আব্দুল হক কুতুব।

থানায় ছাত্রদল নেতা বকুলের দায়ের করা লিখিত এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে বাদী পৌর শহরের টিএনটি রোডস্থ নিজ বাসায় অবস্থানকালে মামলার প্রধান অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদ ওরফে চাক্কু শামীমের নেতৃত্বে সমূহ অভিযুক্তরা রামদা, দা, চাইনিজ কুড়াল, লোহাড় রড়, জিআই পাইপ, লাঠি-সোঠা’সহ দেশীং অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতঘরে অনাধিকার প্রবেশ করে তার (বাদী)’র উপর হামলা করেন। হামলায় তিনি গুরুত্বর আহত হন। হামলার সময় অভিযুক্তরা বাদীর বসতঘরে থাকা আলমিরা ভেঙে প্রায় ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের আসবাবপত্র ভাংচুর করেছে বলে মামলার বাদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুল তার লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেছেন।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.