জামালগঞ্জ প্রতিনিধি | ২১ ফেব্রুয়ারী, ২০১৬
জামালগঞ্জে ভ্রাম্যমান আদালত একজনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে। গত শনিবার রাতে উপজেলার হালির হাওরের বোয়ালা বিল থেকে আটককৃত ব্যক্তিকে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ব্যাক্তি চঞ্চল তালুকদার পাশবর্তী তাহিরপুর উপজেলার পন্ডুব গ্রামের অধিত্য তালুকদারের পুত্র।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিটন খীসা।
জানা যায়,জামালগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হালির হাওরের পাড়ে বোয়ালা বিল নিয়ে কিছুদিন ধরে দু-পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ সহ স্থানীয় সাংবাদিকরা বিলের পাড়ে গেলে চঞ্চল ও তার লোকজন প্রশাসনকে বাধা প্রদান করে ও উত্তোজিত হয়ে আক্রমন করতে এলে প্রশাসনের লোকজন বাধার মুখে ফিরে আসেন।
গত শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বোয়ালা বিল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ চঞ্চল তালুকদারকে আটক করে জামালগঞ্জ থানায় নিয়ে আসেন। চঞ্চলকে আটক করার পর তার লোকজন ক্ষিপ্ত হয়ে বোয়ালা বিলের খলায় আগুন ধরিয়ে দেয়। আগুনে খলার ঘর সহ অন্যান্য মালামল পুড়ে যায়,খলায় থাকা গঙ্গা মূর্তি পুড়ে যায়।
এই নিয়ে এলাকার মধ্যে উত্তেজনা দেখা দেয় ও আসামী চঞ্চলকে আটক করার আনন্দে আনন্দ মিছিল করে এলাকাবাসী।