Sylhet Today 24 PRINT

স্থানীয় নির্বাচনের আগে কমিটি চাইলেন বিএনপির তৃণমূল নেতারা

নিজস্ব প্রতিবেদক |  ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভায় স্থানীয় সরকার নির্বাচনের আগে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সঙ্গে তারা সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে একক প্রার্থী দেওয়ারও দাবি জানান। নেতারা মূল্যায়িত না হওয়া নেতৃবৃন্দকে মূল্যায়নেরও দাবি জানান।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির সাংগঠনিক সভায় এমন দাবি জানান উপজেলা নেতৃবৃন্দ।

জবাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে আশ্বস্ত করে বলেছেন, স্থানীয় নির্বাচনে দল থেকে বাছাই করে একক প্রার্থী দেওয়া হবে। দল যাকে প্রার্থী দেবে, তাকে বিজয়ী করতে কাজ করতে হবে।

তিনি বলেন, যেকোনো নির্বাচনে দলের সিদ্ধান্ত মানতে হবে। যিনি দলের সিদ্ধান্ত মানবেন না, তিনি দলের পরিচয় বহন করতে পারবেন না। কোনো ব্যক্তির দায় দল নেবে না। দলের কোনো ব্যক্তি দলের চোখ এড়িয়ে যেতে পারবেন না। যিনি দলের সিদ্ধান্ত মানবেন না, তিনি দলের পরিচয় বহন করার যোগ্যতা রাখবেন না। যেকোনো নির্বাচনে দলের সিদ্ধান্ত মানতে হবে।

জি জে গউছ বলেন, আমাদের প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন, সাধারণ মানুষ বলছে- এরকমই রাষ্ট্রনায়ক আমাদের প্রয়োজন। ৫ আগস্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে যেকোনো অপশক্তির মোকাবিলা করব।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের সাথে যাদের সম্পর্ক আছে, তাদের কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। দলের সিদ্ধান্তের বাইরে কেই চলে গেলে অতীতের মতো ফেরার সুযোগ নেই। কেননা, আগে বিএনপির পুঞ্জি ছিল না। এখন পুঞ্জির অভাব নাই।

জেলা বিএনপির সভায় দলের চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে দলকে সংগঠিত থাকতে হবে। তৃণমূলের নেতা-কর্মীদের ভোটে যাতে প্রতিনিধি নির্বাচিত হয়, সে ব্যবস্থা রাখতে হবে। সংগঠনের ক্ষতি হয়- এমন কাজ থেকে বিরত থাকতে হবে। মতপার্থক্য ভুলে দলকে ভালোবেসে স্থানীয় নির্বাচনে ত্যাগ স্বীকার করে যোগ্যদের এগিয়ে দিতে হবে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা এমপি বলেন, দল সরকারে আছে- এ বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠনকে সুদৃঢ় রাখতে হবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে- এমন নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। ইচ্ছাকৃতভাবে কাউকে অবমূল্যায়ন করা হবে না।

সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জেলার ১০৭টি ইউনিয়ন রয়েছে। আসন্ন স্থানীয় নির্বাচনে প্রার্থী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রের নির্দেশনায় প্রার্থী দেওয়া হবে। আর এই সিদ্ধান্তের বাইরে গেলে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে বাছাই প্রক্রিয়ায় ইউনিয়ন থেকে উপজেলা এরপর জেলার কাছে বাছাইকৃত প্রার্থীদের তালিকা আসবে। পরবর্তীতে কেন্দ্রের সিদ্ধান্তে তা বাস্তবায়ন করা হবে।

জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির বিষয়ে তিনি বলেন, আমরা ২০২২ সালে কাউন্সিলের মাধ্যমে দায়িত্ব নিয়েছি। দলের চেয়ারম্যান যুক্তরাজ্যে থাকাকালে জুম মিটিংয়ে বলেছিলেন, জেলা কমিটি কাজ করবে। জাতীয় নির্বাচনের পর সিদ্ধান্ত নেবো। বিএনপির চেয়ারম্যানের নির্দেশনায় কমিটি বহাল আছে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “স্থানীয় নির্বাচনে একজন প্রার্থীকে সবদিক দিয়ে যোগ্যতার মাপকাঠিতে নির্ধারণ করা হবে। সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে মেলবন্ধনের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে। এ ব্যাপারে সিলেট জেলা বিএনপি মুখ্য ভূমিকা পালন করবে।”

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক এমপি, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, উপদেষ্টা কামরুল হাসান চৌধুরী শাহিন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান আহমদ মুরাদ, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল মন্নান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তছলিম আহমদ নেহার এবং জকিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আহমেদ, আহ্বায়ক ইকবাল আহমদ, যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহিলা দলের সভানেত্রী তাসনিম শারমিন তামান্না, তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. ওবায়দুর রহমান ফাহমী এবং জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.