হবিগঞ্জ প্রতিনিধি | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
হবিগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও স্কলারশিপ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে অনুষ্ঠিত হয়েছে গাইডলাইন সেশন। ‘আজকের কৃতি শিক্ষার্থীই আগামী দিনের নেতৃত্ব দেবে’—এই প্রতিপাদ্যে নিয়ে
গত রবিবার (১৩ সেপ্টম্বর) উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মোশাহিদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার, সমাজসেবক সৈয়দ মুশফিক আহমদ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক এবং সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজ, হবিগঞ্জের উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের অর্জনকে ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন, তবে এটিই চূড়ান্ত সাফল্য নয়। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম ধারণ করে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে শুধু একাডেমিক ফলাফলের ওপর নির্ভর করে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। শিক্ষার্থীদের প্রযুক্তি ও সময়োপযোগী দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেদের আগ্রহ, সক্ষমতা ও যোগ্যতা অনুযায়ী ক্যারিয়ার পরিকল্পনা করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে বিকশিত করার ক্ষেত্রে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপরও তিনি গুরুত্ব দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজ, হবিগঞ্জের উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি। এ ছাড়া বক্তব্য দেন উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জের সহসভাপতি মোশাররফ আলম চৌধুরী, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব শায়েস্তাগঞ্জের সভাপতি আল-আমিন সাইফী, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলের সভাপতি মিনজাব ছাহাম এবং উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব হবিগঞ্জ সদরের সদস্যসচিব লাবিব ইসলাম।
অনুষ্ঠানের বিশেষ পর্বে ঢাকার বক্তা ও ক্যারিয়ার গাইড ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার বিষয় নির্বাচন, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানের বিশেষ পর্বে কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে গোল্ড মেডেল বিজয়ী লাবিব আহমেদসহ কয়েকজন শিক্ষার্থী নিজেদের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে অতিথিদের হাতে কৃতি শিক্ষার্থীদের মেডেল, সনদ ও স্কলারশিপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের বিশেষ আয়োজনে হবিগঞ্জ শাহ পরান মডেল মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী হাফেজ উসমানকেও সংবর্ধনা দেওয়া হয়। মাত্র ৬ মাস ১৩ দিনে পবিত্র কোরআনের হাফেজ হওয়ায় উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মোশাহিদ মজুমদারে বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার সম্পর্কে সঠিক সময়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষক, আয়োজক ও কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।