Sylhet Today 24 PRINT

বাড়ির পাশে খেলা করছিল পাঁচ বছরের শিশুটি, বিস্কুট দেওয়ার কথা বলে ধর্ষণ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় রহমতপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে কিশোর লাকিব মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে শিশুটিকে একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত লাকিব মিয়া দরজা খুলে পালিয়ে যান।

পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির চাচা বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনার পর থেকে সে বারবার আঁতকে উঠছে। রাতেই তাকে থানায় নিয়ে যাই এবং পুলিশকে দেখিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, নির্যাতনের শিকার শিশুটিকে বৃহস্পতিার রাতে থানায় নিয়ে আসা হয়েছিল। চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিবার জানিয়েছে থানায় লিখিত অভিযোগ দাখিল করবে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.