Sylhet Today 24 PRINT

শাহজালাল মাজারের ডেগে ফেসবুক পোস্টের স্ক্রিনশট: হাসিনাকে নিয়ে কী লিখেছিলেন সারওয়ার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ সেপ্টেম্বর, ২০২৬

শনিবার চতুর্থবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগের টাকা। এতে নগদ প্রায় ৯০ লাখ টাকা, বিদেশি মুদ্রা, স্বর্নালংকারের পাশপাশি কিছু চিঠি ও চিরকুট পাওয়া গেছে।

এরমধ্যে একটি কাগজ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ওই কাগজে একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট। ফেসবুক পোস্টটি সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি ) সারোয়ার আলমের, যা তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দিয়েছিলেন।

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কথা বলে সারওয়ার আলমের উদ্যোগে গত ১৮ জুন মাজারে থাকা আগের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দান করা নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী রাখার ঐতিহাসিক তিনটি দানের ডেগও সিলগালা করা হয়। দানবাক্স ও ডেগ সিলগালার পর জেলা প্রশাসক সারওয়ার আলমের পক্ষে-বিপক্ষে সিলেটজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এক পক্ষের দাবি, মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে জেলা প্রশাসক কার্যকর উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে আরেক পক্ষের অভিযোগ, মাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠার নামে তার সাম্প্রতিক পদক্ষেপগুলো ছিল একতরফা ও জোরপূর্বক, যা মাজারকেন্দ্রিক প্রচলিত ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

এ আলোচনা-সমালোচনার মধ্যেই ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব পদে সংযুক্ত করা হয়।

সেই সারওয়ার আলমের একটি পোাস্টের স্ক্রিনশট পাওয়া গেলো শনিবার মাজারের ডেগে।

২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘প্রেরনার বাতিঘর’ আখ্যা দিয়ে তার ফেসবুক টাইমলাইনে ওই পোস্ট দেন সারোয়ার আলম।

২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর দেওয়া ফেসবুক পোস্টে সারোয়ার আলম লিখেছিলেন, ‘আমাদের প্রেরণার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। ধন্য পিতার ধন্য কন্যা আপনি, বাঙ্গালীর হৃদয়ে বেঁচে থাকুন হাজার বছর। আপনার নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ ইনশাল্লাহ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.