Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রী ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

‎বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৯ সেপ্টেম্বর, ২০২৬

‎সিলেটের বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণির পড়ুয়া ১১ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে। ঘটনার প্রায় এক মাস পর শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এদিকে মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত হাছান আহমদ (৪০) পলাতক রয়েছেন।
‎‎
‎গত ৮ আগস্ট উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। শুক্রবার ভুক্তভোগীর মা বিয়ানীবাজার থানায় মামলাটি করেন।

‎‎অভিযুক্ত হাছান আহমদ ওই এলাকার মৃত আপ্তাব আলীর ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক।

‎ভুক্তভোগীর মা ও মামলার বাদী জানান, শিশুটির বাবা বর্তমানে প্রবাসে থাকায় তিনি মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন বিকেলে তিনি আসরের নামাজ আদায় করছিলেন। এ সময় হাছান আহমদ তার মেয়েকে শয়নকক্ষে ডেকে নিয়ে হাত ও মুখ চেপে ধরে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।

‎‎মামলার বাদী আরও জানান, ঘটনার পর তার মেয়েকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। একই পরিবারের বিষয় হওয়া এবং চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান তিনি।
‎‎
‎এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বলেন, ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.