Sylhet Today 24 PRINT

সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তিমূলক পোস্ট’ দেওয়ার অভিযোগে সিলেটে মেহেদী আহমেদ (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে নগরের শিবগঞ্জ সাদিপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। সিলেট কোতোয়ালি থানার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শিমুল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

পুলিশ জানিয়েছে, মেহেদী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীর্ঘদিন ধরে তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষায় বিভিন্ন পোস্ট করে আসছিলেন। এ ছাড়া নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলে তার সক্রিয় অংশগ্রহণের অভিযোগও রয়েছে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মেহেদীর অবস্থান শনাক্ত করার পর রাতে তার বাসায় অভিযান চালানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির চৌধুরী বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগে মেহেদীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার বিষয়টিও পুলিশের নজরে এসেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী এ বিষয়ে দায় স্বীকার করেছেন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.