নিজস্ব প্রতিবেদক | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট সফরে আসছেন।
ওইদিন হযরত শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটির সভাও আহ্বান করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া এক দিনের সফরে তিনি সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং সিলেট মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে ২০ সেপ্টেম্বর জারি করা সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা হবেন তিনি।
সকাল ১১টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সিলেটে তার সফর শুরু হবে।
সকাল ১১টায় লাক্কাতুরায় চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী। এরপর দুপুর ১২টা ১৫ মিনিটে নগরীর জিন্দাবাজারে সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
দুপুর ১টা ৪৫ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সিলেট সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলা আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তিনি।
বিকেল ৪টায় সিলেটের সার্কিট হাউসে সিলেট প্যাকিং হাউস কাম কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্পের মতবিনিময় সভায় অংশ নেবেন। সভাটি অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৬টায় সিলেট মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী। সভাটি সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন খন্দকার আব্দুল মুক্তাদির।
সফরসূচিতে মন্ত্রীর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা তোফায়েল আহমেদ ও ব্যক্তিগত সহকারী রনি পাল সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা নিয়ে বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উদ্যোগ ও এ নিয়ে বিতর্কের প্রেক্ষিতে গত ২৩ জুন মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনায় স্বচ্ছতা আনতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যে কমিটি ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক ও সমন্বিত কাঠামোর সুপারিশ দেবে বলে সেদিন জানানো হয়েছিল। তবে আড়াই মাসেও বিষয়টির সুরাহা হয়নি।