Sylhet Today 24 PRINT

সিলেটের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারীসহ আটক ৭

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০২৬

উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুই নারীসহ সাত বাংলাদেশিকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বড়ইতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- বাগেরহাটের বকুলতলা গ্রামের হাবিব হাওলাদারের ছেলে মো. সাইফুল (২১), খুলনার দিগলদিয়া থানার বাগমারা গ্রামের হুমায়ুন শিকদারের ছেলে মো. রাব্বি শিকদার (১৭), কাজিগঞ্জ মোগলা গ্রামের রিয়াদুলের ছেলে মো. কাউছার (১৬), বাগেরহাটের বকুলতলা গ্রামের বাবুল মোল্লার ছেলে মো. ওমর ফারুক (১৮), একই জেলার মোড়লগঞ্জ থানার নিশানবাড়িয়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. পারভেজ হাসান (২১), নড়াইলের কালিয়া উপজেলার ভমবাগ গ্রামের সুরত আলীর মেয়ে শম্পা (২৪) ও ঢাকার যাত্রাবাড়ী সুতারপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে মুন্নি (১৬)।

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, অজ্ঞাত এক দালালের মাধ্যমে মোটা বেতনের চাকরির প্রলোভনে তারা জাফলং এলাকায় আসেন। দুই নারীকে ভারতে বাসাবাড়িতে মাসে ৫০ হাজার টাকা এবং পাঁচ যুবককে বিভিন্ন কোম্পানিতে ৩৫ হাজার টাকা বেতনে চাকরির কথা বলা হয়েছিল। পরে মিজান নামের এক ব্যক্তি তাদের নলজুরি বড়ইতলা গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে নিয়ে যায়। সেখানে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তামাবিল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, উচ্চ বেতনের প্রলোভনে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ওই সাতজন সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে। দালালচক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.