Sylhet Today 24 PRINT

হাওরে মাছের জালে আটকা পড়ল বিশাল অজগর

​শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০২৬

​মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাছ ধরার জালে শক্তভাবে পেঁচিয়ে পড়া একটি বিশাল আকৃতির অজগর সাপ সফলভাবে উদ্ধার করা হয়েছে। দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় স্থানীয়দের সহায়তায় বন্যপ্রাণী সেবাকর্মীরা সাপটিকে জালমুক্ত করেন। পরে অক্ষত অবস্থায় অজগরটিকে শ্রীমঙ্গলের বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

​ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের উকুলবেড়ির বিলে।

​স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল বুধবার রাত ১০টার দিকে উকুলবেড়ির বিলে স্থানীয় বাসিন্দা রুমন মিয়ার মাছ ধরার পাতি জালে অজগরটি পেঁচিয়ে আটকা পড়ে। রাতে বিষয়টি বুঝতে পেরে তিনি সকালে এলাকার সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে জানান। এরপর তাহের আলী তাৎক্ষণিকভাবে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

​খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অজগরটি জালের ভেতর অত্যন্ত শক্তভাবে পেঁচিয়ে থাকায় উদ্ধারকাজ বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় অত্যন্ত সতর্কতার সঙ্গে জাল কেটে সাপটিকে মুক্ত করার চেষ্টা চালান সেবাকর্মীরা। প্রায় দুই ঘণ্টার অক্লান্ত চেষ্টার পর অজগরটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় জালমুক্ত করা সম্ভব হয়।

​বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, মাছ ধরার জালে আটকা পড়ে অজগরটির জীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছিল। তবে স্থানীয়দের সহযোগিতায় সময়মতো খবর পাওয়ায় সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

​উদ্ধারকৃত অজগরটিকে পরবর্তীতে বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.