Sylhet Today 24 PRINT

সিলেটে গরমে হাঁসফাঁস, বৃষ্টি হতে পারে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে তীব্র গরমে রীতিমত নাভিশ্বাস ওঠার অবস্থা। দিনের তীব্র দাবদাহের পর রাতেও কমছে না তাপমাত্রা। তীব্র গরমের সাথে ঘণঘণ লোডশেডিংয়ের কারণে একেবারে হাঁসফাঁস ওঠেছে নগরবাসীর।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সিলেটের কয়েকটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট আবহাওয়া কার্যালয়ের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কয়েকটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়ায় ৫৫ শতাংশে।

আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টি হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.