সিলেটটুডে ডেস্ক | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জুলাই আন্দোলনে আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রস্তুতকৃত তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এমপির কাছে হস্তান্তর করেছেন।
এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা প্রয়োজন। এসব আহত ব্যক্তির অবদান ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে তাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে যাচাই-বাছাই করে প্রস্তুত করা তালিকাটি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তালিকাভুক্ত আহতদের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি কার্যক্রমের আওতায় জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এ আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে বিভিন্ন শ্রেণিতে গেজেট প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে।
সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন আশা প্রকাশ করছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।