Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে জুমার নামাজে সেজদারত অবস্থায় যুবককে ছুরিকাঘাত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুমার নামাজে সেজদারত অবস্থায় নাহিদ ইসলাম (২৪) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। এসময় ছেলেকে বাঁচাতে সাইফুর রহমানও আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত নাহিদ ও সাইফুর রহমান শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাহিদ ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য জুবায়েরের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে কয়েক মাস আগে নাহিদ ইসলামের লোকজন ইউপি সদস্যের লোকজনের ওপর ছুরিকাঘাত করে। আহতরা দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। ওই ঘটনায় নাহিদ ইসলামসহ তাদের লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করার পর নাহিদ কারাভোগ করে আদালত থেকে জামিন পান। সেই মারামারির জের ধরে ও প্রতিশোধ নিতে আজ ছুরিকাঘাত করা হয়।

বীরগাঁও গ্রামের বাসিন্দা হোসাইন আহমদ ও মঈনুল ইসলাম বলেন, আমরা শুনেছি পূর্ববিরোধের জেরেই মসজিদের ভেতরে হামলার ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়েছে। সেই ঘটনায় মামলা-মোকদ্দমা চলছে। ওই ঘটনার জের ধরে নাহিদের ওপর হামলা হয়। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার বাবা সাইফুর রহমান আহত হন।

আহত নাহিদ ইসলামের ভাই হিরু মিয়া অভিযোগ করে জানান, মসজিদে নামাজরত অবস্থায় নাহিদ ও তার বাবা সাইফুর রহমানের ওপর হামলা চালানো হয়। গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য জুবায়ের মিয়া নিজে দাঁড়িয়ে থেকে এ হামলা করান। হামলায় ইউপি সদস্যের আত্মীয় রেজাউল, আফজল, জুনেল, সেবির, সুবাদসহ আরও ৭-৮ জন ছিলেন বলেও জানান তিনি।

পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমেদ বলেন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়ের ও নাহিদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ওই বিরোধের ঘটনায় মারামারি মামলায় নাহিদ প্রায় দেড় থেকে দুই মাস কারাভোগ করে সম্প্রতি আদালত থেকে জামিন পান। আজকের ঘটনাটি সেই ঘটনার জের ধরেই ঘটেছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমেদ আরও বলেন, নাহিদ জুমার নামাজ পড়তে বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যান। সেখানে সেজদারত অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার বাবা সাইফুর রহমানও আহত হন। তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়ের আহমেদ বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। প্রকৌশলীকে সঙ্গে নিয়ে একটা সেতু পরিদর্শনে ছিলাম। বেশ কিছুদিন আগে এই নাহিদ একজনকে গুরুতর আঘাত করেছে। এর পরও সে বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করে—এসব সহ্য হয়নি বলে এই হামলা হয়েছে বলে খবর পেয়েছি।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, পূর্বের বিরোধের জেরে আজকের মসজিদের ভেতরে হামলার ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। যারা আহত হয়েছেন তাদেরকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.