জৈন্তাপুর প্রতিনিধি | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামী এক মাসের মধ্যে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকস্বল্পতা দূর করার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি আশ্বাস দেন।
বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা ও জনবলসঙ্কটের চিত্র তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, ‘একটি প্রাচীনতম বিদ্যালয়ের এমন করুণ অবস্থা হয়তো বাংলাদেশের আর কোনো সরকারি উচ্চ বিদ্যালয়ে নেই। ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবিগুলো শুনে মনে হচ্ছে যেন আটলান্টিক মহাসাগরে পড়ে আছি। আগামী এক মাসের মধ্যে শিক্ষকস্বল্পতা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরো সুন্দর ও উন্নত হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে, তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।’
একই সাথে যুবসমাজকে মাদকসহ সকল অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী করার আহ্বান জানান তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এডিপির বরাদ্দ থেকে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ ও খেলাধুলার সামগ্রী, উপজেলা হেলথ কমপ্লেক্সে এসি এবং গ্রাম পুলিশদের বাইসাইকেল বিতরণ করা হয়। পরবর্তীতে বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সামছুল আরেফিন খান, জৈন্তাপুরের ইউএনও সুনন্দা রায়, কানাইঘাট সার্কেলের এএসপি মো: নুমান, জৈন্তাপুর মডেল থানার ওসি মো: মাহবুবুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।